আলিয়া ভাট এবং ওঁর সাধারণ জ্ঞান — এই দু’টি শব্দ একসঙ্গে এলেই নেটিজেনদের মনে পড়ে যায় বহু বছর আগের ‘কফি উইথ করণ’-এর সেই আইকনিক পর্বের কথা। যেখানে ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলে বছরের পর বছর ধরে ট্রোলের শিকার হতে হয়েছিল আলিয়াকে। কিন্তু সময় বদলেছে! ট্রোলিংকে কীভাবে নিজের জনপ্রিয়তার হাতিয়ার বানাতে হয়, তা আলিয়া ভালই জানেন।
সম্প্রতি, নিজের আসন্ন ছবি ‘আলফা’-র প্রচারে জয়পুরে গিয়ে ফের একবার সেই পুরনো ‘প্রেসিডেন্ট’ জোকসের মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে এবার আর কোনও ভুল নয়, বরং স্পোর্টিংলি ছক্কা হাঁকালেন আলিয়া। জয়পুরে অনুরাগীদের সঙ্গে কথোপকথনের সময় আচমকাই দর্শকাসন থেকে এক অনুরাগী চিৎকার করে বলে ওঠেন— “প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া!”। ব্যস, সঙ্গে সঙ্গে গোটা প্রেক্ষাগৃহে হাসির রোল। আলিয়া কিন্তু দমে যাননি। মাইক্রোফোন হাতে নিয়ে হাসিমুখে আলিয়া পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, “তোমরা কি ‘ল্যাটেন্ট’ দেখনি?”
আসলে সময় রায়নার তুমুল বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ সিজন ২-এর প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আলিয়া ভাট এবং শর্বরী। সেখানে সময় যখন আলিয়াকে ওঁর প্রিয় রাজ্যের নাম জিজ্ঞেস করেন, আলিয়া উত্তর দিতে এক সেকেন্ড দেরি করতেই সময় চাবুক মেরে বলেন— “রাজ্যের নাম জিজ্ঞেস করেছি, রাষ্ট্রপতির নয়!”
জয়পুরের মঞ্চে আলিয়া তাঁর অনুরাগীদের মনে করিয়ে দেন যে উনি এখন উত্তরটা খুব ভাল করেই জানেন এবং দর্শকদের হাততালি কুড়ানোর জন্য উনি আবারও সেই নাম বলতে রাজি। এর পরেই অত্যন্ত মার্জিতভাবে আলিয়া ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র নাম উচ্চারণ করতেই করতালিতে ফেটে পড়ে গোটা জয়পুর।
আলিয়া ট্রোলারদের মনে করিয়ে দিয়ে বলেন, সময় রায়নার শো-তেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওঁর হাতে জাতীয় পুরস্কার তুলে দিয়েছিলেন, তাই ওঁর নাম ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না!
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি ‘আলফা’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ এবং ‘ওয়ার ২’-এর মতো ব্লকবাস্টার ছবির পর এই প্রথম কোনও মহিলা কেন্দ্রিক স্পাই ছবি আসতে চলেছে। ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়াল এই ছবিটি পরিচালনা করেছেন।ছবিটি প্রথমে গত বছরের ২৫শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হাই-ভোল্টেজ ভিএফএক্স-এর কাজ বাকি থাকায় তা পিছিয়ে ২০২৬-এর এপ্রিল করা হয়। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩রা জুলাই, ২০২৬ প্রেক্ষাগৃহে ধামাকা রিলিজ করতে চলেছে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত এই ছবি।















