বুধবার ২২ জুলাই রাতে সিজেপি আন্দোলনকে সমর্থন করেন সলমন খান। রাত পোহাতেই বলিউডের আরও এক প্রথম সারির অভিনেত্রী, আলিয়া ভাট ছাত্রদের সমর্থন করে তাঁদের পাশে এসে দাঁড়ালেন।
এদিন সমাজমাধ্যমে আলিয়া ভাট একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'বিগত কয়েক দিন ধরেই হৃদয় বারবার ভাঙছে, আবার আশা দিয়ে সেটাকে গড়ছি। প্রতিটি ছাত্র যাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা তাঁদের স্বপ্ন, পরিবারের আশা, একাধিক স্যাক্রিফাইসের হিসেব বুঝে নিতে পথে নেমেছেন। তাঁরা কেবল তাঁদের নিজেদের প্রতিনিধিত্ব করছেন না। যাঁরা যাঁরা তাঁদের সমর্থন করেছেন, সকলের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের পর যাঁরা আসবেন তাঁদের জন্য একটা ভাল, সুগম পথ তৈরি করছেন।'
আলিয়া ভাট এদিন আরও লেখেন, 'ওঁদের সাহস দেখে আমি মুগ্ধ। ওঁদের এই প্রতিবাদ যেন আয়না দেখাচ্ছে আমাদের, প্রশ্ন তুলছে আমরা কি আদৌ, সত্যি সত্যিই তাঁদের কথা শুনছি যাঁরা আমাদের দেশের ভবিষ্যৎকে আকার দিচ্ছে। স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের পাশে। ভবিষ্যৎ ওঁরাই। জয় হিন্দ।'
আলিয়া ভাট, সলমন খান ছাড়াও বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতারা সিজেপি আন্দোলনকে সমর্থন করেছেন। শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, অমল পরাশর, প্রমুখ যন্তর মন্তরে গিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন।
















