বলিউডের বহুল আলোচিত স্পাই থ্রিলার আলফা নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছিল। কখনও শোনা যাচ্ছিল মুক্তির দিন পিছিয়ে যেতে পারে, আবার কখনও গুঞ্জন উঠছিল—বড়পর্দা এড়িয়ে ছবিটি নাকি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই আসতে পারে। অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন নির্মাতারা। নতুন পোস্টার প্রকাশ করে জানানো হল ছবির চূড়ান্ত মুক্তির দিন, এবং স্পষ্ট করে দেওয়া হলযে ছবিটি দর্শক দেখতে পাবেন প্রেক্ষাগৃহেই।
সোমবার আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। ঘোষণার সঙ্গে প্রকাশ্যে এসেছে একটি নতুন পোস্টারও, যেখানে ছবির অ্যাকশনঘন আবহের আভাস মিলেছে।
প্রথমে পরিকল্পনা ছিল ২০২৫ সালের বড়দিনে ছবিটি মুক্তি দেওয়ার। পরে তা সরিয়ে আনা হয় ২০২৬ সালের ১৭ এপ্রিল। কিন্তু সেই সময়েই মুক্তির তালিকায় ছিল ব্যাটেল অফ গলওয়ান, যে ছবিতে মুখ্য অভিনেতা হিসেবে রয়েছেন সলমন খান। সম্ভাব্য বক্স অফিস সংঘর্ষ এড়াতেই শেষ পর্যন্ত নতুন করে দিন ঠিক করা হয়।
নিজের ইনস্টাগ্রামেও নতুন পোস্টারটি ভাগ করে নিলেন আলিয়া ভাট-ও। সঙ্গে ছোট্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “আগামী ১০ জুলাই থেকে বড়পর্দায় দেখতে পাবেন ‘আলফা’-কে।” এই ঘোষণার মধ্য দিয়েই কার্যত বন্ধ হয়ে যায় সেই জল্পনা, যেখানে বলা হচ্ছিল ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)
এর আগে ছবির মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত বছরের শেষদিকে। তখন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সমাজমাধ্যমে জানিয়েছিলেন, সম্ভাব্য বক্স অফিস সংঘর্ষ এড়াতে নতুন তারিখ খোঁজার পথে হাঁটতে পারে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।
পরিচালক শিব রাওয়াইল-এর এই ছবি আসলে যশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের-এর ষষ্ঠ ছবি। এই ইউনিভার্সে এর আগে রয়েছে পাঠান, ওয়ার এবং টাইগার-এর মতো সুপারহিট ছবি। চলতি বছর মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যেই প্রথম ‘আলফা’-র ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
তবে এই ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য অন্য জায়গায়। কারণ, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এই প্রথম কোনও নারীকেন্দ্রিক অ্যাকশন স্পাই থ্রিলার তৈরি হচ্ছে। সেই কারণেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহও আলাদা মাত্রা পেয়েছে।এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাট নিজেও এই ছবিকে ঘিরে ঝুঁকির কথা স্বীকার করেছিলেন। তাঁর কথায়, এতদিন এই ফ্র্যাঞ্চাইজির প্রায় সব বড় ছবিই পুরুষকেন্দ্রিক ছিল। ফলে নারী-কেন্দ্রিক অ্যাকশন ছবিকে দর্শক কীভাবে গ্রহণ করবেন, সেই প্রশ্নও স্বাভাবিকভাবেই উঠে আসে। তবু সেই নতুন পথেই হাঁটতে আগ্রহী তিনি।
ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শর্বরী ওয়াঘ-কে। পাশাপাশি রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর।
সব মিলিয়ে, মুক্তির দিন ঘোষণা হতেই আবারও আলোচনায় উঠে এসেছে ‘আলফা’। স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায় হিসেবে ছবিটি দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তা জানতে এখন অপেক্ষা আগামী জুলাই মাসের।