বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। রুপোলি জগতে দু’জনেই একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন। একদিকে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল, অন্যদিকে আলিয়া ভাট তাঁর আসন্ন স্পাই-থ্রিলার ‘আলফা’ নিয়ে পর্দা কাঁপাতে প্রস্তুত। কিন্তু তাঁদের নিজেদের সংসারে আসল ‘আলফা’ বা ‘অ্যানিম্যাল’ কে? অর্থাৎ বাড়ির আসল বস কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ মজার উত্তর দিয়েছেন আলিয়া।
নিজের নতুন ছবি ‘আলফা’-র প্রচারের এক জনপ্রিয় ইউটিউবারের মুখোমুখি হয়েছিলেন আলিয়া। সেখানেই তাঁকে রসিকতা করে জিজ্ঞেস করা হয়, পর্দার বাইরে আসল ‘আলফা’ কি তিনি নাকি রণবীরই তাঁর ‘অ্যানিম্যাল’ রূপ বজায় রাখেন? প্রশ্নটি শুনেই হেসে ফেলেন আলিয়া। আর কোনও রকম দ্বিধা না করেই অভিনেত্রী জানান, তাঁরা কেউই ঘরের আসল বস নন। তাঁদের তিন বছরের ছোট্ট মেয়ে রাহা কাপুরই হল বাড়ির আসল ‘আলফা’ এবং ‘অ্যানিম্যাল’।
আলিয়া বলেন যে তাঁর মেয়ে রাহাই পুরো কাপুর পরিবারকে নিজের আঙুলের ইশারায় চালায়। নায়িকার কথায়, "রাহা মনে করে ওর মা খুব কুল, তবে হুকুম কিন্তু ওই চালায়।"
এই প্রসঙ্গে নিজের ঘরের একটি মিষ্টি গল্পও শেয়ার করেন ‘গাঙ্গুবাঈ’। তিনি বলেন, "একদিন আমি ভাবলাম ঘরে সাধারণ নাইটড্রেস বা পাজামা না পরে একটা জিন্স পরে বসি। আমাকে জিন্স পরা অবস্থায় দেখে রাহা অবাক হয়ে জিজ্ঞেস করল, 'তুমি কোথায় যাচ্ছো?' আমি বললাম, আমি এমনিই পরেছি, সারাক্ষণ তো আর ঘরে নাইটের পোশাক পরে বসে থাকা যায় না। ও সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলল, 'না, তুমি এভাবে ঘরে বসতে পারবে না।' অগত্যা মেয়ের হুকুম মেনে আমাকে পোশাক বদলাতেই হল!"
শুধু এই সাক্ষাৎবারেই নয়, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আলিয়া ও রণবীর তাঁদের মেয়ে রাহাকে নিয়ে নানা গল্প শুনিয়েছেন। আলিয়ার মতে, রাহা খুবই চিন্তাশীল এবং জন্মগতভাবেই একজন লিডার। সে গান শুনতে ভালবাসে, খুব দ্রুত নাচের স্টেপস তুলে নিতে পারে এবং খেলাধুলার প্রতিও তার দারুণ আগ্রহ রয়েছে।
বলিউডের পর্দায় রণবীর বা আলিয়া যতই প্রভাবশালী চরিত্রে অভিনয় করুন না কেন, দিনের শেষে তাঁদের বাড়ির নিয়ন্ত্রণ যে ছোট্ট রাহার হাতেই থাকে, তা আলিয়ার এই গল্প থেকেই স্পষ্ট। তারকা দম্পতির এই পারিবারিক রসায়নের গল্পটি সমাজমাধ্যমে তাঁদের ভক্তদের মন কেড়ে নিয়েছে।















