নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'আমার বস'-এর মাধ্যমে বড়পর্দায় পা রেখেছেন অভিনেত্রী শ্রুতি দাস। 'আমার বস' মুক্তির আগেই বড় খবর দিলেন অভিনেত্রী। কিছুদিন ধরেই গুঞ্জন, এবার ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে শ্রুতিকে। এই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় শুটিং শেষের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্রুতি।

হইচই-এর আগামী সিরিজে দেখা যাবে তাঁকে। সিরিজের নাম 'ডাইনি'। শুটিং শেষের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রুতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন সিরিজের সঙ্গে যুক্ত সকলকে। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা যাবে 'ডাইনি'তে। দ্বিতীয়বার দর্শক ওটিটির পর্দায় দেখবেন তাঁকে।

প্রথম ওটিটির কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গ্রাম্য অঞ্চলে ডাইনি সন্দেহে যা ঘটে, তা নিয়েই এগোবে গল্প। আমার চরিত্রটা একদম অন্যরকম। এইরকম চরিত্রে আমায় এর আগে দর্শক কল্পনাও করতে পারেননি।"

শ্রুতির কথায়, "মিমিদি (মিমি চক্রবর্তী)-র সঙ্গে খুব অল্প সময়ের জন্য স্ক্রিন শেয়ার করেছি। কিন্তু একজন এত বড় মাপের অভিনেত্রী হয়েও এতটুকু অহঙ্কার দেখিনি ওঁর মধ্যে। এমন অনেক সিনিয়রকে আমার প্রথম ধারাবাহিক করার সময় দেখেছিলাম যাঁরা মনে করতেন আমরা নতুন বলে অশিক্ষিত। কিন্তু প্রথম ওয়েব সিরিজে মিমিদি সবরকম সাহায্য করেছেন। সহ অভিনেত্রীর মর্যাদা দিয়েছেন। এমনকী আমার চুল, পোশাক ঠিক করে দেওয়া থেকে শুরু করে নিজের হাতে ঘাম পর্যন্ত মুছিয়ে দিয়েছেন। সত্যিই অনেক কিছু শিখেছি এই কাজটি করে।"

খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে হইচই-এ 'ডাইনি'। নতুন কাজ, নতুন চরিত্র নিয়ে আশাবাদী শ্রুতি।