মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে আটকে পড়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্যের ছেলে। স্বভাবতই ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন গায়ক। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে সামাজিক মাধ্যমে আর্জিও জানান তিনি, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি! 

ইনস্টাগ্রামে দেওয়া সেই বার্তায় অভিজিৎ লিখেছিলেন, তাঁর ছেলে জয় ভট্টাচার্য বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছেন। আমেরিকা-ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে বিমান পরিষেবা ও যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছেলের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। “একজন বাবা হিসেবে এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃসহ সময়,” পোস্টে এমনটাই উল্লেখ করেছিলেন শিল্পী।

তিনি ভারত সরকারের পাশাপাশি বিদেশমন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানান। নিরাপদে এবং যথা সম্ভব দ্রুত ছেলেকে দেশে ফিরিয়ে আনার আবেদনও করেন। পোস্টে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও একাধিক বিমান সংস্থাকে ট্যাগ করা হয়েছিল। তবে এর খানিক পরেই সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। কেন তা মুছে ফেলা হল, সে বিষয়ে অবশ্য এখনও কোনও ব্যাখ্যা দেননি গায়ক।

এইমুহূর্তে গোটা বিশ্বের নজর পশ্চিম এশিয়ার দিকে। সেখানকার পরিস্থিতি এখন টানটান। ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে, যখন ইজরায়েল ‘প্রিভেন্টিভ’ আখ্যা দিয়ে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি ঘিরে চাপানউতোরের আবহে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর সামনে আসে।

২০২৪ ও ২০২৫ জুড়ে ইজরায়েল-ইরান সম্পর্কের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে—এমনই মত বিশ্লেষকদের একাংশের। একের পর এক পাল্টাপাল্টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে উত্তেজনা বহুগুণ বেড়েছে। সম্প্রতি বেরুটের দক্ষিণাঞ্চলেও ইজরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়, লেবানন থেকে রকেট ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যেই।

এই আবহেই দুবাই-সহ উপসাগরীয় অঞ্চলে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও দুবাই সরাসরি সংঘাতক্ষেত্র নয়, তবু আকাশপথে বিধিনিষেধ ও নিরাপত্তা সতর্কতার প্রভাব পড়েছে যাত্রীদের উপর। সেই পরিস্থিতিতেই সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এক বাবা হিসেবে অভিজিতের আর্তি প্রকাশ্যে আসে।

প্রসঙ্গত, অভিজিৎ ভট্টাচার্য দীর্ঘ কেরিয়ারে এক হাজারেরও বেশি ছবিতে ছয় হাজারের বেশি গান গেয়েছেন। তাঁর একাধিক গান আন্তর্জাতিক তালিকাতেও জায়গা করে নিয়েছে। তবে এই মুহূর্তে পেশাগত সাফল্যের চেয়ে বড় হয়ে উঠেছে তাঁর ব্যক্তিগত উৎকণ্ঠা। যুদ্ধের অনিশ্চিত সময়ের মধ্যে ছেলে নিরাপদে ঘরে ফারুক, সেটাই এখন তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা।