৫ জুলাই ৬১ বছর বয়সে তৃতীয় বার ছাদনাতলায় যেতে চলেছেন আমির খান। প্রবীণ নাগরিক হতেই, গত বছর জন্মদিনের দিন প্রেমিকার সঙ্গে আলাপ করান তিনি। তার বছর ঘুরতে না ঘুরতেই চার হাত এক হবে তাঁদের। আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে হইচই, আলোচনা, শুভেচ্ছা বার্তার শেষ নেই। কিন্তু বিষয়টা যদি টলিউডের কেউ ঘটাতেন?
টলিউডের একাধিক তারকা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুদীপা বসু তিনটি বিয়ে করেছেন। নিজেদের মতো করে ভাল থাকার সঙ্গী খুঁজে নিয়েছেন। ভাল আছেন। কিন্তু এই ভাল থাকার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁদের কম বিদ্রুপ, কটাক্ষ সহ্য করতে হয়নি! এমনকী এখনও নানা মিম সমাজমাধ্যমে চোখে পড়ে তাঁদের নিয়ে। কিন্তু কেন এই বিভেদ? টলিউডের কেউ তৃতীয় বিয়ে করলে কটাক্ষ, আর বলিউডের কেউ একই সিদ্ধান্ত নিলে উদযাপন। কেন? এই বিষয়ে কী মত অভিনেত্রী সুদীপা বসুর?
সুদীপা বসুও তৃতীয় বিয়ে করেছেন। আমির খানের বিয়ের দিন এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে আজকাল ডট ইনকে বলেন, "এটা আলোচনার মতো কোনও বিষয় নয়। আমির খান যেটা করছেন সেটা অত্যন্ত সুন্দর, সভ্য ভাবে করছেন, ঠিক যেমনটা এই বয়সে করা উচিত। দু'টো মন যদি ভালবাসায় থাকে, ভালবেসে যদি কেউ একসঙ্গে থাকতে চান, বিয়ে করতে চান, তাঁরা ভাল থাকুন। ওঁদের আমি শুভেচ্ছা জানাই।" তাঁর আরও সংযোজন, "এখানে সেই বিয়ে নিয়ে আলোচনা, কথা হয়, কাদা ছোড়াছুড়ি হয়। আসলে বন্ধুত্ব থাকে না।"
৬১ বছরে এসে তৃতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির খান। ৫ জুলাই নিজে বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারবেন তাঁরা। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
'লাগান' খ্যাত অভিনেতা ঠিক করেছেন কোনও জাঁকজমক, হইচই হবে না। বরং তাঁর এবং গৌরী স্প্র্যাটের বিয়েতে আমন্ত্রিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন। এঁদের মধ্যে কিছুজন তাঁদের আত্মীয় এবং পরিবারের লোকজন। বাকি নিকট বন্ধুরা।
আমির খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা নিজেই আমন্ত্রিতদের তালিকা এবং মেনু ঠিক করেছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানের প্রথম ভাগে বিয়ে হবে। অর্থাৎ আমির এবং গৌরীর রেজিস্ট্রি পেপারে সই করবেন। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে নথিভুক্ত হবে তাঁদের এই বিয়ে। তারপর দুপুরে থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন।
কী কী থাকবে আমির এবং গৌরীর বিয়ের মেনুতে? জানা গিয়েছে বর এবং কনে, দুটজনের পছন্দের নানাবিধ খাবার থাকবে মেনুতে। কারা কারা আমন্ত্রিত? সেই তালিকা স্পষ্ট না হলেও আশুতোষ গোয়ারিকর এবং রাজ কুমার সন্তোষী আমির খানের বিয়ের ডিজ উপস্থিত থাকতে পারেন বলেই অনুমান করা হচ্ছে।
















