নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক 'অমর সঙ্গী'। এই মেগায় প্রথমবার জুটি হিসাবে দেখা গিয়েছিল নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলিকে। মিষ্টি প্রেমের গল্পে ভালই এগোচ্ছিল ধারাবাহিক। তবে কয়েক মাসের মধ্যেই হুট করে এই মেগা শেষ হতে দর্শকের মনে আঘাত লাগে।
'অমর সঙ্গী'র শেষের পর থেকেই শ্যামৌপ্তিকে আবারও ছোটপর্দায় দেখার আবদার শুরু করেন অনুরাগীরা। তবে এই মুহূর্তে নিজের নতুন উদ্যোগ শুরু করেছেন অভিনেত্রী। এক ছাদের তলায় ক্যাফে ও বুটিক তৈরি করেছেন। নতুন অধ্যায় নিয়েই এখন ব্যস্ত শ্যামৌপ্তি। তবে এর মধ্যেই ফিরলেন লাইট, ক্যামেরা, অ্যাকশনে।
ফের ধারাবাহিকে কাজ শুরু করলেন অভিনেত্রী। তবে নতুন নয়, পুরনো ধারাবাহিকেই এন্ট্রি হল তাঁর। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে আসছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে শ্যামৌপ্তিকে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সেরেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র 'পুতুল-ময়ূখ'-এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীতে বিপাকে পরে পুতুল। তার পাশে দাঁড়াতেই হাজির হন শ্যামৌপ্তি।
নতুন কাজ কবে শুরু করবেন তিনি? আজকাল ডট ইন-এর প্রশ্নে শ্যামৌপ্তির জবাব, "আমি বরাবরই ধারাবাহিকে কাজ করতে চেয়েছি। সবে একটা মেগা শেষ হল। এখন ব্যবসার কাজেই ব্যস্ত। যদিও ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি নতুন ধারাবাহিকে ফেরার। সবটাই সময়ের অপেক্ষা।"
















