নিজস্ব সংবাদদাতা: গত ঈদে ‘বরবাদ’ করেছেন মেগাস্টার শাকিব খান। এবার বড়পর্দায় ‘তাণ্ডব’ চালাবেন তিনি। তর সইছে না ভক্তদের। ওদিকে শাকিবও বসে নেই। রায়হান রাফীর পরিচালনায় ব্যস্ত ‘তাণ্ডবে’ শেষ আঁচড় কাটতে। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড। 

 

 

 

বহু অপেক্ষার পর প্রকাশ্যে এলো ‘তাণ্ডব ফরকাস্ট। অর্থাৎ ছবির প্রথম ঝলক। এ ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল! এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে জনসাধারণকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।

 

 

 

এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার! একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাঁকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি! 

 

 

 

শাকিবের 'তাণ্ডব'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।