নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে আসছে আরও এক নতুন প্ল্যাটফর্ম। নাম 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির। 

 

 

 

 

একগুচ্ছ সিরিজ আসছে এই প্ল্যাটফর্মে। ভিন্ন‌ ধারার গল্প নিয়ে জমে উঠেছে 'দরশু'। তার মধ্যে রয়েছে রহস্য-রোমাঞ্চে ঘেরা একটি সিরিজ 'আলাউদ্দিনের নোটবুক'। নোটবুকেই লুকিয়ে আসল রহস্য। একের পর এক খুনের হদিশ মিলবে কীভাবে? টানটান উত্তেজনায় তৈরি হয়েছে এই সিরিজ। পরিচালনায় সৌম্যভ বন্দ্যোপাধ্যায়। 

 

 

 

 

গল্পের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা দত্ত ও আরিয়ান ভৌমিক। সিরিজে আরিয়ানের চরিত্রের নাম 'আলাউদ্দিন'। রহস্যময় নোটবুকটি তাঁরই। অন্যদিকে মহিলা ডিটেকটিভ 'মিস কে'-র চরিত্রে রয়েছেন দেবলীনা। গল্পে তাঁকে দেখা যাবে একেবারে অন্য অবতারে। 

 

 

 

এই প্রথম কোনও ডিটেকটিভকে দর্শক স্কুল ড্রেস ও ললিপপ হাতে দেখবেন। কারণ তার মনে হয়, মিষ্টি খেলে নাকি বুদ্ধি বাড়ে। কিন্তু এমন পোশাক পরার কী মানে? সেই উত্তর মিলবে সিরিজের মোড়ে।