নিজস্ব সংবাদদাতা: শুরু হলে তার শেষ তো আছেই। নতুন ধারাবাহিকের ভিড়ে টিআরপিতে হারিয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক। তবে কদর কমছে না প্রিয় জুটির। নতুনের সঙ্গে লড়াই করে জায়গা করে নিচ্ছে পুরনোরাও। তবে এবার নাকি নতুন জুটির জন্য কপাল পুড়তে চলেছে এক জনপ্রিয় জুটির!

 

 

বহু অপেক্ষার পর স্টার জলসার পর্দায় ফিরছেন তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিক 'পরশুরাম: আজকের নায়ক'-এর প্রোমো এসেছিল আগেই। পুরুষকেন্দ্রিক মেগা ঘোষণা করে বেশ চমকেই দিয়েছে জলসা। ধারাবাহিকের নাম ভূমিকায় এবার নায়ক। 

 

 

'পরশুরাম' ইন্দ্রজিৎ ছাপোষা বাঙালি। চেক শার্ট আর লুঙ্গি পরে রোজের রুটিন মেনে বাজার যায় সে। পরশুরামের স্ত্রীর চরিত্রে তৃণা। যে নিজের দুই সন্তান আর সংসার নিয়ে রীতিমতো হিমশিম খায়। 

 

 

বাবা মা আর দুই সন্তান মিলে একেবারে মধ্যবিত্ত একটা সংসার। কিন্তু এর পরেই বদলে যায় ছবিটা। ইন্দ্রজিৎ-কে দেখা যায় ভরপুর অ্যাকশন করতে। সাধাসিধে বাঙালির পিছনে লুকিয়ে রয়েছে অন্য সত্ত্বা। গল্পে ইন্দ্রজিৎ এমন কোনও কাজ করেন যা তাঁর বাড়ির লোকেরা জানে না। কী সেই কাজ? ধারাবাহিকের গল্পেই তা ক্রমশ প্রকাশ্য। তবে একদিকে যেমন সাধারণ সংসারের গল্প, অন্যদিকে তেমনই রয়েছে ভরপুর অ্যাকশন।

 

 

তৃণা-ইন্দ্রজিতের এই নতুন মেগা সম্প্রচারিত হবে ১০ মার্চ থেকে রাত আটটায়। এদিকে, এতদিন পর্যন্ত এই স্লটে দেখা যেত 'উড়ান'। তবে কি এবার শেষ হতে চলেছে 'মহারাজ-পূজারিণী'র গল্প? নাকি স্লট বদলে নিজের ছন্দে এগিয়ে চলবে এই মেগা?