সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার-সুনীল শেঠি- পরেশ রাওয়াল এই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। বিশেষ করে 'হেরা ফেরি' সিরিজের ছবিতে। বলিউডে আপাতত এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে চর্চার অন্ত নেই। প্রথম দুই ছবির পরে কবে মুক্তি পাবে পরের ছবি, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। যতবার তাঁদের একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা গিয়েছে, ততবার তাঁদের উদ্দেশ্যেও এই প্রশ্ন ছোড়া হয়েছে। এহেন আবহেই মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে আচমকা একসঙ্গে দেখা গেল এই তিনজনকে! 

 

তাঁদের দেখামাত্রই উল্লাসে ফেটে পড়েন আশেপাশে জড়ো হওয়া সব মানুষ। ছবিশিকারিদের মধ্যেও কেউ কেউ এই তিনজনকে 'রাজু, শ্যাম ও বাবু ভাইয়া' বলে চিৎকার করে ডাক দেওয়া শুরু করেন। উল্লেখ্য, 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় অভিনীত চরিত্রটির নাম 'রাজু', পরেশের চরিত্রের নাম 'বাবু ভাইয়া' এবং সুনীলের 'শ্যাম'। ছবিশিকারিদের দিকে না তাকিয়ে খানিক অন্যমানস্ক হয়েই অন্যদিকে তাকিয়ে ছিলেন 'বাবু ভাইয়া'। দেখামাত্রই তাঁর ঘাড় টেনে চট করে ক্যামেরার মুখোমুখি করে দেন 'রাজু'। এবং যে ভঙ্গিতে ও দ্রুততার সঙ্গে গোটা বিষয়টি করেন অক্ষয়, তা দেখে হাসি চাপতে পারেননি কেউই। হাসিতে ফেটে পড়েন সুনীল‌ শেঠিও।

 

জানা গেল, একটি ব্যক্তিগত বিমানে গুজরাটের সুরাট শহরের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। এই ছবি ও খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে চুপিসাড়ে কি তাহলে 'হেরা ফেরি ৩'-এর শুটিং শুরু করে দিয়েছেন এঁরা? মুম্বইয়ের হইহল্লা থেকে দূরে চুপচাপ শুটিং সারতেই গুজরাট পাড়ি দিচ্ছেন তাঁরা? আজ্ঞে না। সুরাটে অক্ষয়ের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানেই যাচ্ছেন অক্ষয়। 'রাজু'কে সঙ্গ দিতে তাঁর নিমন্ত্রণে সেখানে যাচ্ছেন 'শ্যাম' ও 'বাবু ভাইয়া'।

 

প্রসঙ্গত, অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় উদ্‌গ্রীব অনুরাগীরা। খবর, ২০২৫-এর বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির আগামী পর্বের শুটিং।