সংবাদ সংস্থা মুম্বই: হোটেল ব্যবসায়ী টিমি নারং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন ঈশা কোপিকর। বলি-অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রাক্তন স্বামী-ই বিবাহবিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালে টিমির সঙ্গে চার হাত এক করেছিলেন ঈশা। ২০১৪-এ জন্ম নেন তাঁদের কন্যা রিয়ানা।
ঈশার আরও দাবি, তৎকালীন স্বামীর মুখে একথা শুনে তিনি কোনও ঝামেলা করেননি। আইনি লড়াইয়ের পথেও হাঁটেননি। কেন? অভিনেত্রীর কথায়, " আমার পক্ষে বিবাহবিচ্ছেদের পক্ষে সায় না দেওয়াটা সহজ ছিল। কিন্তু কী লাভ? একসঙ্গে থেকে সবসময় ঝগড়া-ঝামেলার থেকে এটাই অনেক ভাল।" কেন বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তাঁর স্বামী? দাম্পত্যে কোথায় সমস্যা দেখা দিয়েছি?
ঈশার জবাব, "একেবারে মূল সমস্যাটা কোথায় হচ্ছিল, আমি ঠিক জানি না। তবে মন থেকেই পরস্পরের থেকে অনেকটাই সরে এসেছিলাম আমরা। তারপর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত ও নিয়েছিল। একদিন এসে তা বলল, আমিও 'ঠিক আছে' বলে এককথায় রাজি হয়ে গেলাম। আসলে, সঠিক বোধবুদ্ধি আছে এমন মানুষেরাই এহেন সিদ্ধান্ত এমনভাবে নিতে পারেন বলে আমার বিশ্বাস।"
"চাইলেই এই বিবাহবিচ্ছেদ নিয়ে অনেক ঝামেলা করতে পারতাম। করিনি কারণ সেসব ব্যাপার আমার মূল্যবোধ, শিক্ষার সঙ্গে যায় না। তাছাড়া এক ছাদের তলায় থেকে সর্বক্ষণ পরস্পরের সঙ্গে ঝামেলা করে যাওয়ারও কোনও মানে হতো না। আসলে, কোনও কিছু একবার পচে গেলে তা থেকে দুর্গন্ধ বেরোয়, এমনকি জল থেকেও। অগত্যা..."
অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁদের ছোট্ট মেয়েকে নানভাবে বুঝিয়ে, কায়দা করে তিনি প্রস্তুত করছিলেন এই বিচ্ছেদের খবর দেওয়ার জন্য। সেখানে হঠাৎ একদিন টিমি এসে আচমকা এই বিচ্ছেদের খবর দুম করে বলে দেয়! পরে অবশ্য তাঁর ভুল বুঝতে পেরে ঈশার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তাঁর প্রাক্তন।
















