আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাঁর অনুপস্থিতিতে মরক্কোর বিরুদ্ধে ১–১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের খেলাও ছাপ ফেলেনি। এবার ব্রাজিলের জন্য আরও বড় দুঃসংবাদ। সর্বশেষ খবর অনুযায়ী, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। ফলে এই ব্রাজিল আগের মতোই বিবর্ণ।
১৭ মে ক্লাব স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট নিয়েই ১০ দিন পর ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তিনি।
ক্রীড়া বিষয়ক এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে ২০ জুন হাইতির বিরুদ্ধে এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে। দুটো ম্যাচের কোনওটিতেই খেলার মতো অবস্থায় থাকবেন না নেইমার। ফলে গ্রুপ পর্বের পুরোটা সময়ই তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
আমেরিকায় দলের সঙ্গে যাওয়া চিকিৎসকরা নতুন করে নেইমারের মেডিক্যাল পরীক্ষা নিয়েছেন। তবে এখনও পরীক্ষার ফল আসেনি। ব্রাজিল ফুটবল ফেডারেশনও জানায়নি সেই রেজাল্ট।
এদিকে সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষা করাতে যান নেইমার। এতে তাঁর চোট নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসকরা নকআউট পর্বের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছেন।
প্রথম ম্যাচে নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণে সেই পরিচিত ধার দেখা যায়নি, খেলাও ছিল না খুব একটা দৃষ্টিনন্দন। মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট হারানোর পর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে দলকে ঘুরে দাঁড়াতে হবে নেইমার ছাড়াই। আর ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হবে, নকআউট পর্বে আদৌ দলের সবচেয়ে বড় তারকাকে মাঠে দেখা যাবে কি না, সেই উত্তর পাওয়ার জন্য।
















