আজকাল ওয়েবডেস্ক: ১০ ডাউনিং স্ট্রিটের দীপাবলির উৎসব, তাতে আমন্ত্রিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দীপাবলি শুভেচ্ছা বিনিময় করলেন ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে। উপহার দিলেন কোহলির সই করা ব্যাট। সেই ব্যাট ধরে উচ্ছ্বসিত ঋষির ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। রবিবার তাঁরা উপস্থিত ছিলেন ১০ ডাউনিং স্ট্রিটের অনুষ্ঠানের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তিনি পৌঁছে দেন ঋষি সুনক এবং অক্ষতা মূর্তির কাছে। আতিথেয়তার জন্য সুনক দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। ১০ ডাউনিং স্ট্রিটের বেশ কিছু মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। উল্লেখ্য, একগুচ্ছ কর্মসূচি নিয়ে ব্রিটেন গিয়েছেন জয়শঙ্কর। ১৫ নভম্বর পর্যন্ত তিনি থাকবেন সেখানে।