আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার সড়ক দুর্ঘটনায় ভয়াবহ মৃত্যু এক মহিলার। বাস উলটে যেতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ওই মহিলার। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে। হায়দরাবাদ থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি। জোগুলাম্বা গাদওয়াল জেলার পথে কোনওভাবে উলটে যায় বাসটি। বাসচালক ঘুমিয়ে পড়াতেই বিপদ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাস উলটে যেতেই আগুন ধরে যায়। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাস উলটে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি। আগুনের গ্রাসে চলে যায় বাসটি। এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।
WOMAN BURNT: তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা, বাসেই জীবন্ত দগ্ধ মহিলার মৃত্যু
















