আজকাল ওয়েবডেস্ক: খলিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে জোর চর্চা। দিন কয়েক আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় ফের ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্তে ভারত ভিয়েনা কনভেনশনের চুক্তি লঙ্ঘন করেছে। ট্রুডোর এই দাবির প্রেক্ষিপ্তে ফের কড়া জবাব দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এবার সাফ জানিয়েছেন, ‘প্রমাণ না পেলে কোনও তদন্ত কী ভাবে সম্ভব? প্রমাণ দিন, আমরা তদন্ত করতে প্রস্তুত’। কানাডার প্রধানমন্ত্রীর জবাবে বিদেশমন্ত্রী বলেছেন, ভারত সরকার খলিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত তদন্তকে কোনওভাবেই অস্বীকার করছে না। তিনি আরও বলেন, তবে কানাডা সরকারকে তার দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে। কানাডাকে দেখাতে হবে যে নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত ছিল। ব্রিটেন সফরের মাঝে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এই বার্তা দিয়েছেন তিনি।ট্রুডোর অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। কানাডায় খলিস্তানপন্থী কার্যকলাপের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেছিলেন যে ‘মত প্রকাশের স্বাধীনতা’ র সঙ্গে সরকারের দায়িত্ব সেই স্বাধীনতার অপব্যবহার যাতে না হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে তা যেন ব্যবহার না করা হয়। তিনি কানাডায় ভারতীয় হাইকমিশনে হামলা বা হাইকমিশন ও কনস্যুলেট জেনারেলের ওপর হামলার কথা উল্লেখ করেন এবং বলেন যে ভারতীয় কূটনীতিকদের প্রকাশ্যে ভয় দেখানো হয়েছিল। এই বিষয়ে কানাডিয়ান কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।